এই কমিশন শক্ত মেরুদণ্ড নিয়েই কাজ করছে : ইসি আনোয়ারুল

অনলাইন ডেস্কঃ বর্তমান নির্বাচন কমিশন (ইসি) শক্ত মেরুদণ্ড নিয়ে কাজ করছে। শনিবার নির্বাচন ভবনে আয়োজিত এক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘নিবিড়ভাবে খেয়াল করেন, দশ মাস ১০ দিনের এই কমিশন শক্ত সমর্থ মেরুদণ্ড নিয়েই কাজ করছে। কাজেই এই কমিশনের মেরুদণ্ড যদি শক্ত না হয়, কোনো কমিশনের মেরুদণ্ড কেমন হবে আমি জানি না। কমিশন কারও প্রতি অনুরাগ, বিরাগের বশবর্তী হয়ে কাজ করে নাই। করবে না।’

মালয়েশিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ভোটারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভার অভিজ্ঞতা তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন, ‘অনেকেই বলছেন ৭০ শতাংশের মতো ভোট পড়তে পারে।’

নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ বলেন, ‘জেন্ডারবান্ধব নির্বাচন করব। নারীদের আমরা গুরুত্ব দেব। কেননা, ওই একদিনই কেবল নারীরা গুরুত্ব পায়। সমান অধিকার পায়।’

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করা ইসির ওপর আমানত। ইহকাল, পরকালে জবাবদিহিতা আছে। ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।’

নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত কর্মকর্তাদের সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার, অন্য নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *