ভবনে এডিস মশার লার্ভা, দুই মালিককে জরিমানা

ডেস্ক নিউজ : কুমিল্লা নগরীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। অভিযানে দুটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবন মালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার নগরীর ঝাউতলা ও বাদুরতলা ডাক্তারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঝাউতলা এলাকায় ডা. আব্দুল করিমের বাসভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে বাদুরতলা ডাক্তারপাড়া এলাকায় নোমান নামের এক ব্যক্তির ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবনমালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সতর্ক করা হয়।
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ডেঙ্গু মশার উপদ্রবের হটস্পট শনাক্ত, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত থাকবে।
