আয়কর রিটার্ন নয়, টিআইএন সনদেই মিলবে ১২টি সরকারি-বেসরকারি সেবা

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠানের সেবা নিতে এত দিন পর্যন্ত আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক ছিল। তবে এবার সেই প্রক্রিয়া সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছর থেকে নির্দিষ্ট ১২টি সেবা গ্রহণের ক্ষেত্রে আর আয়কর রিটার্নের প্রমাণপত্র লাগবে না—শুধু কর শনাক্তকরণ নম্বরের (টিআইএন) সনদই যথেষ্ট। তবে নাম ও টিআইএনসংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

এনবিআর জানিয়েছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো করদাতাদের জন্য সেবা গ্রহণ সহজ করা এবং নতুন টিআইএনধারীর সংখ্যা বৃদ্ধি করা। অনেক নাগরিক বা সেবা গ্রহণকারী নিয়মিত রিটার্ন জমা না দিলেও টিআইএন থাকলে প্রাথমিকভাবে কর শনাক্তকরণ সম্ভব, যা রাজস্ব প্রশাসনকে আরও কার্যকর করবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ট্রেড লাইসেন্স নেওয়া, সমবায় সমিতি নিবন্ধন, বিমা সার্ভেয়ারের লাইসেন্স গ্রহণ, ক্রেডিট কার্ড নেওয়া বা নবায়ন, পেশাজীবী সংস্থার সদস্যপদ অর্জন, পোস্ট অফিসে পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়ী হিসাব খোলা, সরকারি কর্মচারীদের এমপিওভুক্ত বেতন-ভাতা গ্রহণ, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কমিশন বা ফি পাওয়া, দলিল লেখক বা স্ট্যাম্প বিক্রেতা হিসেবে লাইসেন্স গ্রহণ, ত্রিচক্রযান বা অটোরিকশা নিবন্ধন ও ফিটনেস নবায়ন, ই-কমার্স ব্যবসার লাইসেন্স গ্রহণ এবং নতুন কোনো কোম্পানি, ট্রাস্ট বা সমিতি নিবন্ধনের ক্ষেত্রে আয়কর রিটার্নের প্রমাণপত্র আর প্রয়োজন হবে না।

এই পরিবর্তনের মাধ্যমে এনবিআর আশা করছে, কর ব্যবস্থার প্রতি সাধারণ জনগণের আগ্রহ ও আস্থা আরও বাড়বে, পাশাপাশি ব্যবসা শুরু ও সেবা গ্রহণের প্রক্রিয়াও সহজ ও সময়সাশ্রয়ী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *