রোববার অনুষ্ঠিত হবে ১০০ টাকার প্রাইজবন্ডের ১২১তম ড্র

১০০ টাকার প্রাইজবন্ডের ১২১তম ড্র

বাণিজ্য ডেস্কঃ তিন মাস পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০০ টাকা মূল্যের প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’। আগামীকাল রোববার (২ নভেম্বর) বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ ড্র অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইজবন্ডের ড্র সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। প্রতি সিরিজে প্রতিটি ড্রতে মোট ৪৬টি পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে—

  • ৬ লাখ টাকার ১টি পুরস্কার

  • ৩ লাখ ২৫ হাজার টাকার ১টি পুরস্কার

  • ১ লাখ টাকার ২টি পুরস্কার

  • ৫০ হাজার টাকার ২টি পুরস্কার

  • ১০ হাজার টাকার ৪০টি পুরস্কার

ড্রয়ের পরের দিন, সোমবার (৩ নভেম্বর), জাতীয় দৈনিক পত্রিকায় ফলাফল প্রকাশিত হবে।

জানা গেছে, ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে বিক্রিত প্রাইজবন্ডগুলো (বিক্রির তারিখ ধরে, ড্রয়ের দিন বাদ দিয়ে) সংশ্লিষ্ট ড্রয়ের আওতায় আসবে। আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী, প্রাইজবন্ডে পুরস্কারপ্রাপ্ত অর্থের ওপর ২০ শতাংশ উৎসে কর কাটা হবে।

সরকার সমাজে সঞ্চয় প্রবণতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৭৪ সালে ‘বাংলাদেশ প্রাইজবন্ড’ চালু করে। এটি সহজে ক্রয় ও নগদায়নযোগ্য একটি বিনিয়োগ মাধ্যম, যা বিশেষ করে মধ্যবিত্তদের কাছে জনপ্রিয়।

প্রাইজবন্ডের ড্র প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়। নির্ধারিত দিনটি সরকারি ছুটি হলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়। এর আগে গত ৩১ জুলাই ১০০ টাকার প্রাইজবন্ডের ১২০তম ড্র অনুষ্ঠিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *