মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে বাঁশ পড়ে বৃদ্ধ গুরুতর আহত চিকিৎসা সহায়তা না দেওয়ার অভিযোগ ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে সেন্টারিংয়ের কাজ করার সময় ওপর থেকে ভারী বাঁশ ও কাঠ পড়ে তোফাজ্জল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। আহতের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর ভবনের মালিক বা সংশ্লিষ্ট ঠিকাদার চিকিৎসা সহায়তার আশ্বাস দিলেও পরবর্তীতে কোনো ধরনের চিকিৎসা ব্যয় বহন না করে সরে পড়েছেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ আগস্ট ২০২৪ বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১ নম্বর এলাকায় রব্বানিয়া হোটেলের পেছনে নির্মাণাধীন ‘নীড় রহমানিয়া টাওয়ার’-এ সেন্টারিংয়ের কাজ করছিলেন তোফাজ্জল হোসেন। দীর্ঘদিন ধরে নির্মাণশ্রমিক হিসেবে বাঁশ ও সেন্টারিংয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন তিনি।
কাজ চলাকালে ভবনের ওপরের অংশের কাঠ ও বাঁশ ভেঙে হঠাৎ তাঁর মাথার ওপর পড়ে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
আহতের পরিবারের দাবি, দুর্ঘটনার খবর পেয়ে ভবন কর্তৃপক্ষের লোকজন হাসপাতালে এসে প্রথমে সহযোগিতার আশ্বাস দেন। তবে পরবর্তীতে চিকিৎসার ব্যয় বহন না করে তারা সেখান থেকে চলে যান বলে অভিযোগ পরিবারের।
আহতের ছেলে মোঃ মোহাইমিনুল ইসলাম জানান, তাঁর বাবার চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ১০ হাজার টাকা চিকিৎসা খরচ হচ্ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আহত হয়ে হাসপাতালে থাকায় পাঁচ সদস্যের পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।
এদিকে, নির্মাণকাজে নিরাপত্তাব্যবস্থা ও কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং আহত তোফাজ্জল হোসেনের চিকিৎসার ব্যয় নির্বাহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
তবে এ বিষয়ে নির্মাণাধীন ভবনের মালিক, ঠিকাদার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
