নতুন উদ্যোগ, এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ছয় দেশ

বিশেষ প্রতিবেদকঃ পর্যটকদের আকর্ষণ করতে নতুন উদ্যোগ নিচ্ছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। চলতি বছরের শেষ প্রান্তিকে একক পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে এই জোট। অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই ভিসায় ভ্রমণ করা যাবে জিসিসিভুক্ত দেশগুলো। প্রাথমিকভাবে এই ভিসা পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এর নাম জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থ ও পর্যটনমন্ত্রী এবং আমিরাত পর্যটন কাউন্সিলের চেয়ারম্যান আবদুল্লাহ বিন তৌক আল মারি সম্প্রতি এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইউরোপের শেনজেন ভিসার আদলে করা হচ্ছে জিসিসির একক পর্যটন ভিসা। এই ভিসা নিয়ে পর্যটকেরা জিসিসির ছয়টি দেশেই ভ্রমণ করতে পারবেন। আঞ্চলিক সমন্বয় আরও গভীর করার কৌশলগত পদক্ষেপ হিসেবে এই ভিসা চালু করা হচ্ছে। এতে একক পর্যটন গন্তব্য হিসেবে উপসাগরীয় অঞ্চলের আকর্ষণ বৃদ্ধি করবে।

স্থানীয় সংবাদ সংস্থা ওয়ামকে দেওয়া এক সাক্ষাৎকারে তৌক আল মারি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পরীক্ষামূলক পর্ব শেষে দ্বিতীয় ধাপে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা পর্যায়ক্রমে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। তবে ঠিক কবে থেকে জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা চালু হবে, তা স্পষ্ট করেননি তৌক আল মারি।

গত ১৬ জুন তৌক আল মারি খালিজ টাইমসকে জানিয়েছিলেন, জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসার অনুমোদন দেওয়া হয়েছে। শিগগির তা চালু হতে যাচ্ছে।

জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা চালু হলে বিদেশি পর্যটকেরা এর আওতায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত ভ্রমণ করতে পারবেন। কত দিনের জন্য এই ভিসা দেওয়া হবে বা খরচ কত পড়বে, রিপোর্ট লেখা পর্যন্ত তা প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *