দুদকের মামলায় অভিযুক্ত মাহী বি চৌধুরী, অভিযোগ ২০ কোটি টাকার অবৈধ সম্পদ

এসএম বদরুল আলমঃ জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১–এ সংস্থাটির উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

অভিযোগপত্রে বলা হয়, মাহী বি চৌধুরী তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ৯ কোটি ৬৮ লাখ টাকার বেশি সম্পদের তথ্য গোপন করেছেন। পাশাপাশি তিনি প্রায় ২০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।

মাহী বি চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মুন্সিগঞ্জ-১ আসনে উপনির্বাচনে সংসদ সদস্য হন মাহী বি চৌধুরী। পরে ২০১৮ সালে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *