২৪ ঘণ্টায় ৯৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু

বিশেষ প্রতিবেদকঃ গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক ভর্তি সংখ্যা অনুযায়ী বরিশালে ১৪১ জন, চট্টগ্রামে ১০৭ জন, ঢাকায় ১৯৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২২ জন, খুলনায় ৯৩ জন, ময়মনসিংহে ৪৬ জন, রাজশাহীতে ৬৯ জন, রংপুরে ২৩ জন এবং সিলেটে ৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৫৪,৫৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা মশা নিধন ও রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *