জীবনে সফল হতে যে পরামর্শ দিলেন সানিয়া

বিশেষ প্রতিবেদকঃ জীবনে সফল হতে চান প্রত্যেক মানুষই। কিন্তু নানা কারণে অনেক সময় সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয় না। এ কারণে হতাশায় ভোগেন অনেকেই। কেউ কেউ আবার নতুন করে পথচলা শুরু করেন। উদ্দেশ্য একটাই― জীবনে সফল হওয়া বা লক্ষ্যে পৌঁছানো।

সফল হতে না পারা হচ্ছে ব্যর্থতা। নানা কারণে যখন লক্ষ্যে পৌঁছানো যায় না, তখন মানুষ অন্যসব সফল মানুষদের বিভিন্ন গল্প বা চেষ্টার কথা শোনে নিজে অনুপ্রাণিত হয়ে থাকেন। তেমনই জীবনের সাফল্যের কথা জানিয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। তার মতে, জীবনে জয়ী হওয়ার আগে কিছু হারাতে হয়।

এ টেনিস তারকার ভাষ্যমতে, শুধু ফলাফলের দিকে তাকালে হবে না। প্রতিদিনের চেষ্টা ও চলার ওপর বিশ্বাস রাখাও জরুরি। যা শুধু খেলাতেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযোজ্য। আবার ব্যর্থতা মেনে নেয়াও সহজ নয়। বিশেষ করে যখন অন্য সবার দৃষ্টি বা মনোযোগ আপনার দিকে, ওই সময় ব্যর্থতা বা পরাজয়ের মানসিক চাপ অনেক বেশি হতে পারে। কিন্তু সেসব সহ্য করতে হবে আপনাকে।

সানিয়া মির্জা মনে করেন, খেলায় বা জীবনে কখনো কোনো চাপকে নেতিবাচকভাবে দেখা উচিত নয়। তিনি বলেন, এখানে ফলাফল নয়, বিষয় হচ্ছে আপনি কোন কাজ করছেন সেটি গুরুত্বপূর্ণ। এ কারণেই চলার পথের ওপর ভরসা রাখলে ভবিষ্যৎ আরও ভালো হবে বলে বিশ্বাস এ টেনিস তারকার। 

তিনি জানান, প্রতিটি পরাজয়ের মধ্যেই শেখার সুযোগ লুকিয়ে থাকে। এ ধরনের মানসিকতা একজন ক্রীড়াবিদকে মানসিকভাবে শক্তিশালী করে এবং যা একইভাবে সাধারণ মানুষকেও অনুপ্রাণিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *