কিলিয়ান এমবাপ্পে: “ক্রিস্টিয়ানো রোনালদো আমার আদর্শ

ক্রিস্টিয়ানো রোনালদো এমবাপ্পে

খেলাধুলা ডেস্কঃ রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে সম্প্রতি স্প্যানিশ টিভি অনুষ্ঠানে সাবেক আর্জেন্টাইন কিংবদন্তি জর্জ ভালদানোর সঙ্গে এক আন্তরিক সাক্ষাৎকারে নিজের ফুটবল যাত্রা, আদর্শ ও প্রেরণার কথা শেয়ার করেছেন। তিনি ছোটবেলা থেকে পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। এমবাপ্পে বলেন, “ক্রিস্টিয়ানো সব সময়ই আমার আদর্শ ছিলেন। আমি সৌভাগ্যবান, কারণ এখন তাঁর সঙ্গে কথা বলতে পারি, তিনি আমাকে পরামর্শ দেন, সাহায্য করেন। আমার কাছে তিনি এক নম্বর।”

রোনালদোর রিয়াল মাদ্রিদে অবদানকে শ্রদ্ধা জানিয়ে এমবাপ্পে বলেন, “তিনি ক্লাবের জন্য অনেক কিছু করেছেন। এখনো রিয়াল ভক্তরা তাঁর স্বপ্ন দেখেন। তবে আমি চাই, আমার নিজস্ব পথ তৈরি করতে।”

যদিও রোনালদোর সঙ্গে কখনো মাঠ ভাগাভাগি করেননি এমবাপ্পে, তবে পিএসজিতে যোগ দেওয়ার পর দুই মৌসুম লিওনেল মেসির সঙ্গে খেলেছেন। মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা শেয়ার করে এমবাপ্পে বলেন, “মেসির পাশে খেলা ছিল এক অনন্য সৌভাগ্য। আমি কখনো ভাবিনি আমার ক্যারিয়ারে এমন কিছু ঘটবে। আমি সব সময় রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখতাম, বার্সেলোনায় যাওয়ার কথা কখনো ভাবিনি।”

মেসির ব্যক্তিত্ব ও বিনয়ী স্বভাবের প্রশংসা করে তিনি বলেন, “মেসি সম্পূর্ণ বিনয়ী, সবাইকে সম্মান করেন। তাঁর সঙ্গে থাকাটা আমাকে খেলোয়াড় হিসেবে অনেক পরিণত করেছে। শুধু তাঁকে দেখাটাই শেখার জন্য যথেষ্ট।”

সাক্ষাৎকার শেষ করেন এমবাপ্পে, “তাঁর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। এটা ছিল আমার জীবনের দুটি অসাধারণ বছর। এমন এক অনন্য খেলোয়াড়কে পাশে পাওয়া সত্যিকার অর্থেই ছিল একটি সুবর্ণ সুযোগ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *