কাতারে অবরুদ্ধ ৬ বিলিয়ন ডলার ফেরত পেতে যাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : কাতারে অবরুদ্ধ থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ শিগগিরই তেহরানের নিয়ন্ত্রণে ফিরে আসবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (২১ জুন) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য প্রকাশ করেছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হলেই কাতারে আটকে থাকা অর্থ মুক্ত করা হবে এবং তা ইরানে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।

তবে সম্ভাব্য সমঝোতার মধ্যেও পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের অবস্থান অপরিবর্তিত থাকবে বলে স্পষ্ট করেছেন তিনি। তার ভাষ্য, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে ইরান কোনোভাবেই সরে আসবে না এবং আন্তর্জাতিক পক্ষগুলোকে এই বাস্তবতা মেনে নিতে হবে।

পেজেশকিয়ান আরও দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচির লক্ষ্য কখনোই অস্ত্র তৈরি করা নয়। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র উন্নয়ন বা উৎপাদনের কোনো পরিকল্পনা তেহরানের নেই এবং এ অবস্থান বহু বছর ধরে দেশটির নীতির অংশ হিসেবে বহাল রয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানো এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করার লক্ষ্যে গত ১৭ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় রোববার সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হয়েছে।

পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এ বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জেডি ভ্যান্স। অপরদিকে ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ বাঘের গালিবাফ এবং আব্বাস আরাগচি।

আলোচনায় দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন বিরোধ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারমাণবিক ইস্যু নিয়ে অগ্রগতির সম্ভাবনা পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *