চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে একটি ছোট উড়োজাহাজ আছড়ে পড়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত করে নিহত হওয়া ওই পাইলট মানসিক সমস্যায় ভুগছিলেন। এমনকি নিজের ডায়েরিতে তিনি আত্মহত্যার কথাও লিখেছিলেন।

গত শুক্রবার বিকাল ৫টা ৫৫ মিনিটে বেইজিংয়ের কেন্দ্রস্থলে ৫২৮ মিটার উঁচু ‘সিআইটিআইসি’ টাওয়ারে একটি ছোট উড়োজাহাজ আছড়ে পড়ে। এতে ভবনটির ওপরের দিকের কাচ ভেঙে যায় এবং নিচে আগুন ধরে যায়। ওই ঘটনায় ১৩ জন আহত হন।

চীনের শীর্ষ নেতাদের বাসভবন থেকে এই ভবনের দূরত্ব মাত্র ৭ কিলোমিটার। তাই কঠোর নিরাপত্তার এই শহরে এমন উড়োজাহাজ দুর্ঘটনা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার এক বিবৃতিতে জানায়, ৬৬ বছর বয়সী ওই পাইলটের নাম লিউ। বিবাহবিচ্ছেদের পর তিনি বেইজিংয়ে একাই থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি অনিদ্রা ও হতাশায় ভুগছিলেন। তার ডায়েরিতে নিজের ‘জীবন শেষ করে দেওয়ার’ কথা লেখা ছিল। ব্যক্তিগত হতাশা থেকেই তিনি মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ এই কাজ করেছেন।

লিউ পেশায় ফ্রিল্যান্সার ছিলেন এবং উড়োজাহাজ চালানোর লাইসেন্স পেয়েছিলেন। ঘটনার দিন বিকালে তিনি দুই আসনের একটি ছোট উড়োজাহাজ নিয়ে একাই উড়ছিলেন। কিন্তু হঠাৎ তিনি নির্ধারিত পথ ছেড়ে অন্যদিকে চলে যান এবং নিয়ন্ত্রণকক্ষের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে, দুর্ঘটনার পরপরই পুলিশ সাধারণ মানুষ ও সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয় এবং ইন্টারনেট থেকে এই ঘটনার সব ছবি ও ভিডিও দ্রুত মুছে ফেলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *