ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট কে এই মিথুন মানহাস?

খেলাধুলা ডেস্কঃ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দিল্লি ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিথুন মানহাস। রবিবার এক ঘোষণায় নতুন কার্যনির্বাহী কমিটির হাতে দায়িত্ব তুলে দেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টস। 

১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী রজার বিন্নির উত্তরসূরি হিসেবে ভারতীয় বোর্ডের দায়িত্ব নিলেন তিনি। ভারতের জাতীয় দলে কখনো খেলা না হলেও মিথুন ছিলেন ঘরোয়া ক্রিকেটের এক নির্ভরযোগ্য নাম।

ভারত ‘এ’ দলের হয়ে খেলার পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার ছিলেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৩০ ম্যাচে ৪৫.৮৪ গড়ে করেছেন চার হাজার ১২৬ রান। তার ব্যাট থেকে এসেছে পাঁচটি সেঞ্চুরি আর ২৬টি হাফসেঞ্চুরি। ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিন বোলিংয়ে অবদান রেখেছেন, আবার উইকেটকিপিংয়েও নাম লিখিয়েছেন প্রয়োজনে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। আইপিএলে মোট ৫৫ ম্যাচে করেছেন ৫১৪ রান। এ সময় কোনো হাফসেঞ্চুরি না পেলেও সতীর্থদের কাছে পরিশ্রমী ও নির্ভরযোগ্য ক্রিকেটার হিসেবে সমাদৃত ছিলেন তিনি। 

এদিকে বিসিসিআইয়ের সহ-সভাপতি পদে আবারও নির্বাচিত হয়েছেন, আগের মেয়াদে ক্ষমতায় থাকা রাজিব শুক্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *