আর্মি সার্ভিস ও মেডিকেল কোরে নবীন সৈনিকদের কুচকাওয়াজ অনুষ্ঠিত

সেনাবাহিনী কুচকাওয়াজ ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর (এএসসি) ও আর্মি মেডিকেল কোরের (এএমসি) রিক্রুট ব্যাচ–২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) খুলনা ও টাঙ্গাইলে পৃথক দুইটি কুচকাওয়াজের আয়োজন করা হয়।

খুলনার জাহানাবাদ সেনানিবাসস্থ আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিএন্ডএস) আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও নবীন সৈনিকদের অভিবাদন গ্রহণ করেন।

অন্যদিকে, টাঙ্গাইলের ঘাটাইলে অবস্থিত শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল (এএমসিসিএন্ডএস)-এ আয়োজিত কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ, জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং নবীন সৈনিকদের মাঝে প্রেরণাদায়ী ভাষণ প্রদান করেন।

নবীনদের সেনাবাহিনীতে অভিষেক

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের সৈনিকবৃন্দ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলো।”

প্রধান অতিথিরা তাঁদের বক্তব্যে সেনাবাহিনীর গৌরবময় ইতিহাস ও দেশমাতৃকার সেবায় এএসসি ও এএমসির অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের আহ্বান জানান নবীনদের উদ্দেশে। তারা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার গুরুত্বও তুলে ধরেন।

উপস্থিত ছিলেন অনেকে

অনুষ্ঠান দুটি ছিল প্রাণবন্ত ও বর্ণাঢ্য। এতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), অন্যান্য পদবির সৈনিক, আমন্ত্রিত অতিথি, রিক্রুটদের পরিবার ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *