দুর্নীতিবাজদের সেফ এক্সিট দরকার হয়, আমাদের নয় : ধর্ম উপদেষ্টা

দুর্নীতিবাজদের সেফ এক্সিট দরকার

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতিগ্রস্তদের সেফ এক্সিট প্রয়োজন হলেও সৎ মানুষের জন্য তা দরকার নেই বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) যাত্রাবাড়ী তামিরুল মিল্লাত মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম এমডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. খালিদ হোসেন বলেন, “সেফ এক্সিট কোথায় নেব? বিদেশে গিয়ে কী করব? এ দেশ আমার, এই মাতৃভূমিতে আমার জন্ম, এখানে আমার কবর হবে। যারা দুর্নীতি করে, তাদের সেফ এক্সিট লাগে। আমাদের সেফ এক্সিটের দরকার নেই।” তিনি আরও বলেন, “আমি কোনো এক ধর্মের উপদেষ্টা নই, মুসলিম ও সনাতনসহ সব ধর্মের মানুষের উপদেষ্টা। আমি মসজিদে যাই ইবাদতের জন্য, আর ঢাকেশ্বরী মন্দিরে যাই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য।” ডাকসু ভিপির অভিযোগ: ফ্যাসিস্ট দোসররা প্রশাসনে ও মিডিয়ায় এখনও সক্রিয় একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাই বিপ্লবের পরও মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্য পুরোপুরি দূর হয়নি।” দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সমান অধিকার নিশ্চিতের জন্য তিনি আহ্বান জানান। “দেশের প্রশাসনে এখনও ফ্যাসিস্টদের দোসররা বসে আছে। কালচারাল ফ্যাসিস্টরাও বহাল তবিয়তে রয়েছে। এমনকি মিডিয়াতেও তারা ভালো অবস্থানে আছে।” অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *