ইরানের সঙ্গে বাণিজ্যের অভিযোগে ৪ ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে তেল আমদানি, মজুত, স্থানান্তর, বিক্রি এবং রপ্তানিতে সহায়তা দেওয়ার অভিযোগে এই কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। নিষেধাজ্ঞাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, পোর্টিস পার্টনার এলএলপি, সদাশিব ওভারসিজ লিমিটেড, পিআর সফটটেক প্রাইভেট লিমিটেড এবং প্রাকৃতিস ইনফ্রা ইমপেক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড।
বিবৃতিতে বলা হয়, ইরানের সামরিক বাহিনী ও জ্বালানি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে একটি অর্থনৈতিক অভিযান শুরু করেছে। এই অভিযানের ধারাবাহিকতায়ই ভারতের চার কোম্পানিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান ঘোষণা করেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানকে চুক্তির জন্য অনেক সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা কাজে লাগাতে পারেনি। এখন তাদের বিরুদ্ধে এমন অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হবে, যার ফলে দেশটি আন্তর্জাতিক বাণিজ্য থেকে অভূতপূর্বভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
ট্রাম্প একই সঙ্গে ইরানের মিত্র দেশগুলোকেও সতর্ক করে বলেন, যদি কোনো দেশ ইরানকে অর্থনৈতিক সহায়তা দেয়, তা তেল চোরাচালান, নগদ লেনদেন, জাহাজ নিবন্ধন বা ভুয়া কোম্পানির মাধ্যমেই হোক, সেই দেশকেও কঠোর পরিণতি ভোগ করতে হবে।
সূত্র: এএনআই
