বিএডিসির ডাল ও তৈলবীজ বিভাগে টেন্ডার বিতর্ক: অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর ডাল ও তৈলবীজ বিভাগের প্রকল্প পরিচালক (পিডি) ড. শফিকের বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ উঠেছে।

অভিযোগকারীরা এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি পলিথিন ব্যাগ ক্রয়সংক্রান্ত একটি টেন্ডারে (টেন্ডার আইডি: #1307923) এমন কিছু যোগ্যতার শর্ত সংযুক্ত করা হয়েছে, যা নতুন প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণকে নিরুৎসাহিত করতে পারে। বিশেষ করে ১৫ বছরের অভিজ্ঞতার শর্ত আরোপের কারণে প্রতিযোগিতা সীমিত হয়েছে বলে অভিযোগকারীদের দাবি।

এছাড়া অভিযোগে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে অনিয়ম ও পক্ষপাতমূলক সিদ্ধান্তের মাধ্যমে বিশেষ সুবিধাভোগী কিছু প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও অভিযোগকারীরা দাবি করেন। অভিযোগকারীদের দাবি, বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

তবে এ বিষয়ে জানতে ড. শফিকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর মন্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে। এদিকে, বিএডিসির সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগের সত্যতা যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *