সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার হুতিদের গণমাধ্যম আনসারুল্লাহ এ তথ্য জানিয়েছে।
টেলিগ্রামে এক পোস্টে আনসারুল্লাহ লিখেছে, ইয়েমেনি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে শত্রুদেশ সৌদির ওপর ব্যাপক হামলা চালানো হয়েছে।
অন্য আরেকটি পোস্টে আনসারুল্লাহ জানায়, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আবহা আন্তর্জাতিক বিমানবন্দর, কিং খালিদ বিমানঘাঁটি এবং আবহা ও জিজানের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনা। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বার্তা সংস্থাটি জানায়, হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি আরব তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে গতকাল সোমবার জানানো হয়েছিল, সৌদির জিজান শহরে অবস্থিত আরামকোর তেল স্থাপনায় নতুন করে হামলা হয়েছে। গত মাসেও এই স্থাপনায় হামলা হয়েছিল হামলায় উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল।
সৌদিতে সর্বশেষ চালানো হামলার দায় গতকাল পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি। তবে আজ হুতিদের গণমাধ্যম আনসারুল্লাহ এই হামলার দায় নিল।
হুথিদের সংবাদমাধ্যম আল-মাসিরাহ জানায়, জাওফ প্রদেশের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মহাপরিচালক হাসান সাবুলা বলেছেন, সোমবার একটি কারাগারে চালানো হামলায় ১১ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও ২০ জন বন্দি নিখোঁজ রয়েছেন।
হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা এর আগে জানিয়েছিল, নিহতদের মধ্যে ওই কারাগারে স্বজনের সঙ্গে দেখা করতে আসা এক শিশুও ছিল।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা