
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে সবুজ (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত সবুজ উপজেলার পঁচাভান্ডার এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে, ৮৬৪ ও ৮৬৫ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে। স্থানীয় সূত্রে জানা যায়, সবুজসহ কয়েকজন গরু আনতে সীমান্ত পার হয়ে ভারতের দিকে গেলে, ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্প থেকে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে সবুজ ঘটনাস্থলেই মারা যান।
পরে বিএসএফ সদস্যরা তার লাশ ভারতের ভেতরে নিয়ে যায়।
ঘটনার পর সীমান্তে উত্তেজনা দেখা দেয় এবং বিজিবি-বিএসএফের মধ্যে যোগাযোগ শুরু হয়।
৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন জানান, বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের সঙ্গে নিহত যুবকের লাশ হস্তান্তরের বিষয়ে আলোচনা চলবে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোক ও উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।
সীমান্তে এ ধরনের প্রাণঘাতী ঘটনা প্রতিরোধে দ্রুত কূটনৈতিক ও দ্বিপাক্ষিক উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয় মানবাধিকারকর্মী ও জনপ্রতিনিধিরা।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা