ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্পের’ সঙ্গে তুলনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। তিনি বলেছেন, এই যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব বিশ্বের অন্যান্য অঞ্চলকেও নাড়া দিয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে আয়োজিত কাতার অর্থনৈতিক ফোরামের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ মোহাম্মদ বলেন, সাম্প্রতিক যুদ্ধ নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে প্রচলিত ধারণাগুলোকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য একটি ‘জাগরণী সংকেত’ হওয়া উচিত। এখনই আঞ্চলিক নিরাপত্তার একটি কাঠামো গড়ে তোলা প্রয়োজন, যেখানে উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইরানও থাকবে।
তিনি বলেন, ‘ইরান আমাদের প্রতিবেশী। উপসাগরীয় দেশগুলো ও ইরানকে নিয়ে এমন একটি নিরাপত্তা কাঠামো প্রয়োজন, যেখানে কেউ কারও জন্য হুমকি হয়ে দাঁড়াবে না।’
কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, কোনো একটি দেশের নিরাপত্তা যদি অন্য দেশের নিরাপত্তাহীনতার ওপর নির্ভর করে, তাহলে দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই আঞ্চলিক দেশগুলোকে দায়িত্বশীলভাবে একসঙ্গে কাজ করতে হবে এবং ইরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সুসম্পর্ক নিশ্চিত করতে হবে।
তিনি জানান, কাতার ও তার আঞ্চলিক অংশীদারেরা এ ধরনের একটি নিরাপত্তা কাঠামো তৈরির বিষয়ে কাজ করছে। একই সঙ্গে উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রচেষ্টা, যোগাযোগের পথ খোলা রাখা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে দোহা।
এদিকে আগামী পাঁচ বছরে অবকাঠামো খাতে প্রায় ৩ হাজার ৮৫০ কোটি মার্কিন ডলারের প্রকল্পের দরপত্র আহ্বানের পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ মোহাম্মদ। পাশাপাশি আবাসন ও আতিথেয়তা খাতে প্রায় ২ হাজার ২৫০ কোটি ডলার বেসরকারি বিনিয়োগ আসতে পারে। সব মিলিয়ে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ৬ হাজার কোটি ডলারের বেশি।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করতে কাতারের মধ্যস্থতার চেষ্টা অব্যাহত রয়েছে। এর লক্ষ্য ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসান ঘটানো।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন সোমবার শুরু হয়ে শুক্রবার শেষ হওয়ার কথা। অধিবেশনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও এর বৈশ্বিক প্রভাব গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে।
সূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি, এফএমটি
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা