
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরে বাসা থেকে ১০০ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকা লুট হয়েছে। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী পার্টস ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ ও তার পরিবারের সদস্যরা।
রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুর মাজার রোড এলাকার এক বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণ সংগ্রহ করছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা ১১টায় মাস্ক পরা যুবক বাসার কলিংবেল চাপতে থাকেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে আসেন আরও দুজন। অস্ত্র প্রদর্শন করে ভেতরে প্রবেশ করেই হাত-পা বেঁধে ফেলেন গৃহকর্ত্রীর।
পরে আলমারি ভেঙে ১০০ ভরি স্বর্ণ এবং ব্যবসার জন্য বাসায় রাখা ৩২ লাখ টাকা লুট করে ডাকাতরা। এ সময় মারধরের শিকার হন ওই গৃহকত্রী। তার অভিযোগ, সংঘবদ্ধ চক্রে এলাকার ইন্টারনেট কোম্পানীর কর্মচারীও ছিল।
ফুটেজে আরও দেখা যায়, ১১টা ১৫ মিনিটে বাড়িটি থেকে ব্যাগ হাতে বের হচ্ছেন কয়েকজন মাস্ক পরা যুবক। এমন ঘটনায় হতবিহ্বল পরিবারটি। প্রত্যাশা করছেন, দ্রুত ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এমন ডাকাতির ঘটনায় বাড়িটি পরিদর্শন করেছেন পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন বলেন, অপরাধী শনাক্তে কাজ করছে পুলিশ। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা