
ডেস্ক নিউজঃ একা বাইরে চলাফেরার স্বপ্ন থেকে ব্যাটারিচালিত গাড়ি বানিয়ে ফেললেন বিশেষ চাহিদাসম্পন্ন ১৭ বছরের তরুণ ওয়াকিমুল ইসলাম। শনিবার (৯ মে) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেই 'এ টু আই স্মার্ট কার' নিজে চালিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘুরিয়ে দেখালেন এই তরুণ উদ্ভাবক।
ওয়াকিমুল ইসলাম যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে তিনি গাড়িটি বানানোর গল্প শোনান। জানান, একসময় তিনি সারাদিন বাড়িতে বসে থাকতেন, একা বাইরে বের হওয়ার উপায় ছিল না। সেই সমস্যার সমাধান খুঁজতে গিয়েই তিনি দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বিশেষ যানটি তৈরি করেছেন।
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল জানান, ব্যাটারিচালিত এই গাড়িটি একবার চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং ঘণ্টায় সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার। ওয়াকিমুলের সঙ্গে কার্যালয়ে এসেছিলেন তিনিও।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরির জন্য ওয়াকিমুলের প্রশংসা করেন। পাশাপাশি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন এবং এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারি সহযোগিতার আশ্বাস দেন।
ওয়াকিমুল জানান, সহযোগিতা পেলে আরও উন্নতমানের স্মার্ট কার তৈরি করা সম্ভব, যা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি বয়স্করাও ব্যবহার করতে পারবেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা