বিনোদন ডেস্ক : সিনেমার পর্দায় ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন মিঠুন চক্রবর্তী। এবার বাস্তব জীবনেও মন্ত্রীর মর্যাদা পেলেন ভারতের এই অভিনেতা। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। এ পদটি পূর্ণাঙ্গ মন্ত্রীর সমমর্যাদার।
উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিঠুনকে নতুন দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। বুধবার (৭ অক্টোবর) সরকারি বিজ্ঞপ্তিতে তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিঠুন চক্রবর্তীর নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ সিনেমায় প্রতিবাদী এক মন্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন। চরিত্রটি দুই বাংলার দর্শকের কাছেও বেশ জনপ্রিয়তা পায়। এবার সেই পর্দার চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের নতুন দায়িত্বের মিল তৈরি হলো।
বর্তমানে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অধীনেই রয়েছে। তবে ওই দফতরের উপদেষ্টা হিসেবে মিঠুন ঠিক কী ধরনের দায়িত্ব পালন করবেন, তা এখনো স্পষ্ট করা হয়নি।
তবে নতুন সরকারের সময়ে টালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে মিঠুনকে উপস্থিত থাকতে দেখা গেছে। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটিরও মুখ্য উপদেষ্টার দায়িত্ব পালন করবেন তিনি।
রাজনীতিতেও সক্রিয় মিঠুন চক্রবর্তী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি। এর আগে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন অভিনেতা। অবশ্য মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এরপর গত পাঁচ বছরে বিজেপির বিভিন্ন আয়োজন ও প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন মিঠুন।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা