
ক্রীড়া ডেস্কঃ আবারও মেসি ম্যাজিক। ফ্রি কিক থেকে বাঁ পায়ে অবিশ্বাস্য গোল করে ইন্টার মায়ামিকে সমতায় ফেরান আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে কলাম্বাস ক্রুর কাছে ২-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ম্যাচের ২৮ মিনিটে জোসেফ মার্তিনেজ পেনাল্টি থেকে কলাম্বাস ক্রুকে এগিয়ে দেন। এরপর ৩৩ মিনিটে ডান প্রান্তরেখা থেকে প্রায় ৭ গজ দূর থেকে মেসি একটি বাঁকানো ফ্রি-কিক নেন। বলটি গোলরক্ষক প্যাট্রিক শুল্টের বাড়িয়ে দেওয়া হাতের ওপর দিয়ে, ক্রসবারের নিচ দিয়ে ও পেছনের পোস্টের ভেতর দিয়ে সাইড-নেটে জড়িয়ে গেলে স্কোর ১-১ হয়।
বিরতির পর মেসি আরও দুবার লক্ষ্যে শট নেন, কিন্তু কোনোটিই গোল হয়নি। অন্যদিকে ম্যাচজুড়ে আক্রমণে অনেক বেশি সক্রিয় ছিল কলাম্বাস। পুরো ম্যাচে তারা ১৪টি শট নেয়, মায়ামির শট মাত্র ৫টি। লক্ষ্যে শটও কলাম্বাসের ছিল বেশি—৭টি, মায়ামির ৩টি।
মায়ামির গোলরক্ষক চারটি সেভ করে দলকে ম্যাচে রেখেছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ইনজুরি সময়ের নবম মিনিটে জামাল তিয়ারের শট ঠেকাতে পারেননি তিনি। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে কলাম্বাস।
এর ঠিক দুই মিনিট আগে বড় ধাক্কা খায় মায়ামি। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সান্তিয়াগো মোরালেস। ফলে ম্যাচের শেষটা ১০ জন নিয়ে খেলতে হয় মেসিদের।
চলতি মৌসুমে এটি মায়ামির দ্বিতীয় হার। ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এখন এমএলএসের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে মায়ামি। অথচ কয়েক সপ্তাহ আগেও দলটি ছিল দ্বিতীয় স্থানে।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা