ডেস্ক নিউজ : টাঙ্গাইলের ভূঞাপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন একটি কেন্দ্রের ১৪ এইচএসসি পরীক্ষার্থী। ঘটনাটি জানাজানির পর ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।
জানা গেছে, ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র রয়েছে। ওই কলেজ কেন্দ্রে পাশের লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজ, শহীদ জিয়া মহিলা ডিগ্রী কলেজ ও নিকরাইলের শমসের ফকির ডিগ্রী কলেজের ১৪ জন শিক্ষার্থী গত শনিবার (১ আগস্ট) মনোবিজ্ঞান পরীক্ষা দেয়। এসময় নৈব্যত্তিক প্রশ্নপত্র ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালেরটা দিয়ে পরীক্ষা নেয় শিক্ষকরা। পরে পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে প্রশ্ন মিলাতেই দেখতে পায় তারা ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে। পরে বিষয়টি নিয়ে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা স্ব-স্ব কলেজ কর্তৃপক্ষকে জানায়। পরে ইবরাহীম কলেজ কর্তৃপক্ষ বোর্ড থেকে সমাধানের আশ্বাস দেয়।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, পরীক্ষা শেষে বাসায় গিয়ে প্রশ্ন মিলাতে গিয়ে দেখা গেছে প্রশ্ন ২০২৫ সালের। পরীক্ষায় দায়িত্বরত শিক্ষকদের গাফিলতির কারণে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে। এটা আদৌ সমাধান হবে কিনা তা নিয়ে শঙ্কিত। এখন এই ১৪ জন শিক্ষার্থীর ভবিষ্যৎ কি হবে।
লোকমান ফকির মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. আউয়াল আল হাবিব বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষার বিষয়টি ইবরাহীম খা কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা বোর্ডের সঙ্গে আলোচনা করে এটার সমাধান করবে বলে জানিয়েছে।
ইবরাহীম খাঁ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ছানোয়ার হোসেন খান বলেন, এই ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে তিনজন শিক্ষককে শোকজ করা হয়েছে। আর দুইজনকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন ২ শিক্ষককে দায়িত্ব দেয়া হয়েছে। তবে ১৪ শিক্ষার্থীদের পরীক্ষা ২০২৫ সালের প্রশ্নপত্র দিয়েই মূল্যায়ন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নিলেও কেন্দ্র সচিব তা জানাননি। রাতে অন্য শিক্ষকের মাধ্যমে জানার পর বোর্ডে যোগাযোগ করা হয়। ১৪ শিক্ষার্থীর পরীক্ষার বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বোর্ড থেকে। ভুল প্রশ্নপত্রে পরীক্ষার ঘটনায় কেন্দ্র সচিবকে শোকজ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা