প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ১১:১১ পি.এম
থানা প্রাঙ্গণে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা ৭ মামলার আসামির
ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের বন্দরে থানা প্রাঙ্গণে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছেন রমজান আলী (৩৫) নামে এক যুবক। রমজান তালিকাভুক্ত মাদক মামলার আসামি এবং তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় বন্দর থানা চত্বরে এ ঘটনা ঘটে। রামজান আলী বন্দরের একরামপুর ইস্পাহানী বাজার এলাকার হাবিবুর রহমান হবির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে এলাকাবাসী তার মাদকের আস্তানা গুঁড়িয়ে দেয় এবং তাকে এলাকা থেকে বিতারিত করে। গত তিনদিন আগে সে এলাকায় ফিরে এলে স্থানীয়রা তাকে মাদক বিক্রি না করার জন্য সতর্ক করে। বুধবার বিকেলে হঠাৎ সে ৫ লিটারের বোতলে কেরোসিন নিয়ে থানায় গিয়ে নিজ শরীরে কেরোসিন ঢেলে ‘ওসি.. ওসি..’ বলে চিৎকার করতে থাকে। এসময় তাকে বলতে শোনা যায়, ‘আমি মাদক ব্যবসায়ী। আমি মাদক ব্যবসা ছেড়ে দিতে চাই। তবু এলাকায় আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই আমি নিজ শরীরে আগুন জ্বালিয়ে আত্মহত্যা করব।’
পরে তাকে আটক করে থানায় নিয়ে গোসল করিয়ে থানা হাজতে আটক রাখে।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, রমজান আলী একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। বুধবার হঠাৎ থানা প্রাঙ্গনে এসে সে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে আমরা তাকে নির্বৃত্ত করি। পরে তাকে আটক করে হাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা