আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ববাজারে তেল ও ডিজেলের দাম আকস্মিকভাবে বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ভুক্ত দেশগুলো।
আল জাজিরার প্রতিবেদন অনযায়ী, শুক্রবার (২ অক্টোবর) যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন (৩ দশমিক ৭৯ লিটার) ডিজেলের গড় দাম বেড়ে ৬ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। এক মাস আগে এই দাম ছিল ৫ দশমিক ৬১ ডলার।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তেল শিল্প ও বাজারবিষয়ক বিভাগের সাবেক প্রধান নিল অ্যাটকিনসনের মতে, বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ কমে যাওয়ার পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে।
তিনি আল জাজিরাকে বলেন, প্রথমত, মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে ডিজেল সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অথচ ইউরোপ আগে সৌদি আরব ও কুয়েত থেকে বিপুল পরিমাণ ডিজেল আমদানি করত।
দ্বিতীয়ত, রাশিয়া এখন ডিজেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির ডিজেল রপ্তানি কমে গেছে বলে জানান অ্যাটকিনসন।
তৃতীয়ত, চীনও ডিজেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহের ঘাটতি আরও বেড়েছে।
এদিকে সরবরাহ কমলেও ডিজেলের চাহিদা তুলনামূলকভাবে বেশি রয়েছে। বিশেষ করে কৃষিপণ্য কাটার মৌসুম চলায় এই চাহিদা আরও কিছুদিন বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানান অ্যাটকিনসন।
সরবরাহ কমে যাওয়া এবং চাহিদা বেশি থাকার এই চাপই বর্তমানে বিশ্ববাজারে ডিজেলের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা