
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’— এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হওয়া এ গণশুনানি চলে বিকেল পর্যন্ত।
এ সময় ২৯টি সরকারি দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষ শতাধিক অভিযোগ তুলে ধরেন। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত ৭৪টি অভিযোগের শুনানি করা হয়। কিছু অভিযোগের বিষয়ে দুদক তাৎক্ষণিক ব্যবস্থা নেয়, আবার কিছু বিষয়ে সরাসরি অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত জানানো হয়।
গণশুনানির আয়োজন করে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, “দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব শুধু দুদকের নয়, বরং এটি আমাদের সবার দায়িত্ব। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালন করলে দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, বরিশাল বিভাগীয় পরিচালক মোজাহার আলী সরদার এবং ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
দুদক জানায়, সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সেবার মান উন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সারাদেশে এ ধরনের গণশুনানি আয়োজন করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা