ডেস্ক নিউজঃ যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা এবং ভ্রমণ সুবিধা নিশ্চিত করতে চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। আগামী ২৬ জানুয়ারি থেকে এই রুটে অতিরিক্ত একটি ফ্লাইট পরিচালনা শুরু করবে প্রতিষ্ঠানটি।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে নভোএয়ার।
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। সূচি অনুযায়ী ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে।
নতুন সংযোজিত ফ্লাইটটি প্রতি সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার চলাচল করবে। এই ফ্লাইট ঢাকা থেকে বিকাল ৪টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।
এ বিষয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন,'চট্টগ্রাম দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র। যাত্রীদের বাড়তি চাহিদা এবং ভ্রমণ সুবিধার কথা বিবেচনা করেই এই রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
উল্লেখ্য, নভোএয়ার বর্তমানে চট্টগ্রামের পাশাপাশি প্রতিদিন কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করছে।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা