ক্রীড়া ডেস্ক : মাত্র দুই দিন আগে শেষ হওয়া এশিয়ান গেমসে ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ মাত্র একটি ব্রোঞ্জ পদক নিয়ে দেশে ফিরেছে। মাঠের বাজে পারফরম্যান্সের পাশাপাশি গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠায় এবার কঠোর অবস্থান নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে প্যারা এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের জার্সি ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কড়া বার্তা দেন।
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমরা ফুটবল কিংবা ক্রিকেটে হারতে পারি, হার-জিত খেলারই অংশ। কিন্তু খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়। খেলোয়াড়দের আরও বেশি দায়িত্বশীল হতে হবে এবং সবার আগে বাংলাদেশ—এই ধারণায় উজ্জ্বীবিত থাকতে হবে।’
এশিয়ান গেমসে বাংলাদেশের সার্বিক পারফরম্যান্স মূল্যায়নের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের ঘোষণা দিয়ে প্রতিমন্ত্রী জানান, ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ভবিষ্যতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হবে। তাৎক্ষণিক কোনো সাফল্য নয়, বরং আগামী পাঁচ বছরের জন্য অ্যাথলেটদের আন্তর্জাতিক মানে প্রস্তুত করাই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, ‘একটি কমিটি গঠন করা হচ্ছে, সেই কমিটি প্রতিবেদন দেবে। এরপর আমরা ডিসেম্বর থেকে দীর্ঘমেয়াদি অনুশীলন শুরু করব। আমরা এখনই নয়, আগামী পাঁচ বছর পর ফলাফল চাইব।’ এ সময় খেলোয়াড়দেরও জবাবদিহিতার আওতায় আনার কথা জানান তিনি।
আসন্ন প্যারা এশিয়ান গেমসে আর্চারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার, টেবিল টেনিস ও বোচিয়া—এই ছয় ডিসিপ্লিনে ১২ জন অ্যাথলেট অংশ নেবেন। গেমসটি সামনে রেখে ইতোমধ্যে বাংলাদেশ দলের ৭০ দিনের নিবিড় অনুশীলন সম্পন্ন হয়েছে। এর মধ্যে অ্যাথলেটিকসের চৈতী রাণী এবং আর্চারির ঝুমা আক্তারকে ঘিরে ভালো পদকের জোরালো প্রত্যাশা রয়েছে। শারীরিক প্রতিবন্ধকতার বিষয় মাথায় রেখে ১২ জন অ্যাথলেটের সঙ্গে ৬ থেকে ৭ জন সহায়ক সদস্য এবং ৫টি খেলার জন্য একজন করে কোচসহ মোট ৩২ সদস্যের কন্টিনজেন্ট প্যারা এশিয়ান গেমসে অংশ নেবে।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা