
আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। চাঁদ দেখা সাপেক্ষে দেশটিতে আগামী ২৭ মে বুধবার ঈদুল আজহা উদযাপন হতে পারে বলে জানিয়েছে তারা।
গালফ নিউজের প্রতিবেদন অনুসারে, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরদিন ২৭ মে বুধবার আরব আমিরাতে ঈদুল আজহা পালিত হবে।
ঈদুল আজহা উপলক্ষে ২৭ মে বুধবার থেকে ২৯ মে শুক্রবার পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে আমিরাতে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হলে আমিরাতের বাসিন্দারা টানা ছয় দিনের এক দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন বলে গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
মহান আল্লাহর প্রতি আনুগত্যের নিদর্শন হিসেবে হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমাকে স্মরণ করে হিজরি সনের ১২তম ও শেষ মাসে উদযাপিত হয় ঈদুল আজহা। প্রার্থনা, দান-খয়রাত এবং স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগিই এই দিনের মূল অনুষঙ্গ।
ঈদুল আজহার দিনের প্রধান আমল হলো কোরবানি করা। কোরবানি ইসলামের অন্যতম নিদর্শন। শরিয়তে কোরবানির যে পন্থা ও পদ্ধতি নির্দেশিত হয়েছে, তার মূলসূত্র ‘মিল্লাতে ইবরাহিমি’তে বিদ্যমান ছিল। কোরআন ও হাদিস থেকে তা স্পষ্ট জানা যায়। এজন্য কোরবানিকে ‘সুন্নাতে ইবরাহিমি’ নামে অভিহিত করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা