নিজস্ব প্রতিবেদকঃ যশোরের অভয়নগর উপজেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত তিন সন্ত্রাসীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
এসময় তাদের কাছ থেকে একটি দেশে তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড তাজা গুলি এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- আল আমিন শেখ (২৮), মো. বিল্লাল খাঁ (৩৬) ও মো. জুয়েল গাজী (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার চলিশিয়া বাগমারা গ্রামের হালিমের মোড় এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জসিমের চায়ের দোকানের সামনে থেকে প্রথমে আল আমিন শেখ ও বিল্লাল খাঁকে আটক করা হয়।
এসময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে আল আমিন শেখের প্যান্টের পকেট তল্লাশি করে একটি দেশে তৈরি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. জুয়েল গাজীকেও আটক করে ডিবি। এসময় তার কাছ থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় অভয়নগর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ আকরামুল হক
নির্বাহী সম্পাদকঃএস এম বদরুল আলম
ফোন নাম্বারঃ 01718246730
Copyright © 2025 All rights reserved আজকের ঢাকা